Skip to Content

মেমারীর অদূরে রহস্যময় শেয়ালমুখী দেবীমূর্তির সন্ধানে

An unexpected detour to Kailashpur: On 19th October, while returning from Kalna, I set out to discover a rare and mysterious Fox-headed Goddess idol in a village near Memari.
9 November 2026 by
মেমারীর অদূরে রহস্যময় শেয়ালমুখী দেবীমূর্তির সন্ধানে
Classic Sarathi

October, 2026

Trip No.: - 70

বাংলার আনাচে-কানাচে সত্যিই অসংখ্য বিরল, প্রাচীন এবং ঐতিহাসিক মূর্তি ছড়িয়ে রয়েছে, যা আমাদের সমৃদ্ধ ইতিহাস, শিল্পকলা এবং সংস্কৃতির পরিচয় বহন করে। পাল, সেন, গুপ্ত এবং মৌর্য যুগের পাথরের ভাস্কর্য থেকে শুরু করে পোড়ামাটির (টেরাকোটা) কাজ এবং বিভিন্ন লোকদেবতার বিরল বিগ্রহ—সব মিলিয়ে বাংলার মাটির নিচে ও ওপরে ইতিহাসের এক বিশাল ভাণ্ডার লুকিয়ে আছে।

গত ১৯শে অক্টোবর, সোমবার দুপুরে কালনা সেনবাড়ি থেকে ফেরার পথে, সেরকমই এক বিরল মূর্তির সন্ধানে আমি আর আমার ভ্রমণসঙ্গী দেবব্রত পৌঁছে গিয়েছিলাম মেমারীর কাছে একটি ছোট্ট গ্রাম কৈলাশপুরে। 

কৈলাসপুর গ্রামের একবারে শেষপ্রান্তে পৌঁছে দেখতে পেয়েছিলাম একটি ছোট্ট দেউল মন্দির। মন্দিরের চারপাশ জুড়ে নানা গাছপালার সমারোহ, আর তারই মাঝে বিরাজ করছে হলুদ রং করা এক ছোট্ট দেউল।যেখানে প্রকৃতির নীরবতার মাঝে মিশে রয়েছে এক অপার শান্তি ও স্নিগ্ধতা। পাশ দিয়েই বয়ে গেছে ছোট্ট ক্যানেল। সেদিন নির্জন দুপুরে প্রকৃতির এমন শান্ত ও স্নিগ্ধ রূপ আমাদের মুগ্ধ না করে পারেনি।

Kailashpur village


মন্দিরটির ঐতিহাসিক গুরুত্ব ও স্থাপত্য নিঃসন্দেহে আকর্ষণীয়। 


অবশেষে আমাদের অনুসন্ধানের পরিসমাপ্তি ঘটল—দর্শন পেলাম সেই বিরল ও রহস্যময় দেবীমূর্তির।

কষ্টিপাথরে নির্মিত এই বিরল দেবীমূর্তিটি চতুর্ভুজা। মূর্তির ঊর্ধ্বাংশে রয়েছে শেয়ালের মুখমণ্ডল, আর অবশিষ্ট দেহাংশটি এক নগ্ন নারীমূর্তির অবয়বে রূপায়িত - যা মূর্তিটিকে এক স্বতন্ত্র ও বিস্ময়কর বৈশিষ্ট্য দান করেছে।

দেবীমূর্তির পাশেই রয়েছে শিবলিঙ্গসদৃশ একটি প্রাচীন পাথরখণ্ড, যার গাত্রে উৎকীর্ণ রয়েছে ধ্যানমগ্ন বুদ্ধের চারটি মূর্তি। এই অনন্য শিল্পনিদর্শন নিঃসন্দেহে স্থানটির ঐতিহাসিক ও শৈল্পিক গুরুত্বকে আরও বহুগুণে বাড়িয়ে তুলেছে।

A rare and mysterious Fox-headed Goddess idol

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম, এই দেবীমূর্তি তাঁদের কাছে মা শিবানী চণ্ডী নামে পরিচিত এবং সেই নামেই তিনি পূজিতা। এখানে পূর্বে বৌদ্ধ পূর্ণিমার সময় বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হত কিন্তু প্রতিবারই নানারকম বিঘ্ন ঘটায় এখন আর তা হয় না। 

বুদ্ধমূর্তির উপস্থিতি এবং মূর্তির শিল্পরীতি বিচার করে আমাদের এই বিরল মূর্তিকে সম্ভবত পাল যুগীয় শিল্পধারার সঙ্গে সম্পর্কিত বলে মনে হল — যদিও বিষয়টি নিশ্চিত করার জন্য প্রত্নতাত্ত্বিক গবেষণা প্রয়োজন।

A rare and mysterious Fox-headed Goddess idol
শৃগালের মুখমণ্ডল বিশিষ্ট এই মূর্তি কি কোনো হিন্দু দেবী হতে পারে ?

হিন্দু পুরাণে ও তান্ত্রিক ঐতিহ্যে দেবী চণ্ডীর অত্যন্ত উগ্র এবং বিশেষ কিছু রূপের বর্ণনা রয়েছে, যার সঙ্গে শৃগাল (শিয়াল বা শিবা) ওতপ্রোতভাবে যুক্ত। 

শ্রীশ্রী চণ্ডী বা দেবীমাহাত্ম্যম্-এ শুম্ভ-নিশুম্ভ বধের কাহিনীতে দেবী চণ্ডিকার শরীর থেকে নির্গত এক পরম উগ্র শক্তির উল্লেখ আছে, যিনি 'শিবদূতী' নামে পরিচিত। শাস্ত্রে বর্ণিত রয়েছে যে, তিনি যুদ্ধক্ষেত্রে শত শত শৃগালের (শিবা) মতো অতি ভয়ঙ্কর শব্দ বা হুঙ্কার করে আবির্ভূত হয়েছিলেন। মৎস্যপুরাণ ও কালিকা পুরাণের কিছু তান্ত্রিক ধ্যানমন্ত্রে দেবী শিবদূতীকে "শৃগালবদনা" (শৃগালের মতো মুখবিশিষ্ট) বা শৃগালমুখী রূপে কল্পনা ও পূজা করা হয়।

গুপ্ত সাম্রাজ্যের ঐতিহাসিক উপাদান এবং বিভিন্ন প্রাচীন তাম্রশাসনে উত্তরবঙ্গে পূজিত "কোকামুখী চণ্ডী" বা কোকামুখী দেবীর উল্লেখ পাওয়া যায়। 'কোকা' শব্দের অর্থ নেকড়ে বা শৃগাল জাতীয় হিংস্র বন্য প্রাণী। ইতিহাসবিদ ও গবেষকদের মতে, এই কোকামুখী চণ্ডী আসলে শৃগালমুখী বা নেকড়েমুখী এক প্রাচীন তান্ত্রিক মাতৃকা দেবী, যিনি কালক্রমে মূলধারার হিন্দু শাক্ত ধর্মে দেবী চণ্ডী বা দুর্গার একটি রূপ হিসেবে অন্তর্ভুক্ত হন। 

তাই হিন্দু ধর্মীয় ও তান্ত্রিক প্রেক্ষাপটে শৃগালের মুখমণ্ডল বিশিষ্ট চণ্ডী কোনো কাল্পনিক রূপ নয়, বরং এটি দেবী চণ্ডী বা শক্তিরই একটি সুপ্রাচীন ও শাস্ত্রীয় তান্ত্রিক রূপ।

বৌদ্ধ ধর্মে শৃগালের মুখমণ্ডল বিশিষ্ট মূর্তির উপস্থিতি 

তান্ত্রিক বৌদ্ধধর্মে অর্থাৎ বজ্রযান বৌদ্ধ ধারায় শৃগাল বা শেয়ালমুখী দেবীর অস্তিত্বের পরিচয় পাওয়া যায়। এই ধরনের দেবীমূর্তি বৌদ্ধ তান্ত্রিক শিল্প ও ধর্মীয় ঐতিহ্যের এক বিশেষ বৈশিষ্ট্য বহন করে।

চক্রসম্বর মণ্ডলের দিকপাল বা দ্বাররক্ষী দেবী হিসেবে চারজন প্রধান পশুমুখী ডাকিনী থাকেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন শৃগালমুখী বা শৃগালাস্যা (Jackal-faced Dakini), যিনি সাধককে মোহ ও অজ্ঞতা থেকে মুক্ত করতে এবং তান্ত্রিক সাধনার সুরক্ষাদাত্রী হিসেবে কাজ করেন।

প্রাচীন ভারতীয় লোকধর্ম ও হিন্দু সংস্কৃতির প্রভাব

ভারতীয় উপমহাদেশে পাল যুগে (যখন বৌদ্ধ ও হিন্দু তন্ত্রের মিশ্রণ ঘটছিল), গ্রামীণ লোকদেবী ও তন্ত্রের দেবীদের মধ্যে শৃগালমুখের ব্যাপক ব্যবহার ছিল। যেমন রাঢ় বাংলার (বিশেষ করে বর্ধমানে) পাল রাজাদের আমলের দেবী কোকামুখী (যার নামের অর্থই হলো নেকড়ে বা শৃগালমুখী)। গবেষকদের মতে, এই ধরণের আঞ্চলিক দেবীমূর্তির উপর তৎকালীন বৌদ্ধ ও জৈন তান্ত্রিক সংস্কৃতির পারস্পরিক গভীর আদান-প্রদানের প্রভাব ছিল।

বজ্রযান বৌদ্ধধর্মের বহু দেবীর উৎস হিন্দু তন্ত্রের সাথে যুক্ত। হিন্দু তন্ত্রে 'কোকামুখী' (নেকড়ে বা শেয়ালের ন্যায় মুখবিশিষ্ট দেবী) এবং 'শিবদূতী' (যাঁর দূত স্বয়ং শৃগাল বা শেয়াল) নামক দেবীর অস্তিত্ব রয়েছে। বজ্রযানের প্রধান দেবী 'বজ্রবারাহী' (Vajravārāhī) বা বজ্রযোগিনীর মণ্ডলে যখন অনুচরী ডাকিনীদের কল্পনা করা হয়, তখন এই শৃগালমুখী দেবীরা তাঁদের ক্রুদ্ধ ও রক্ষক রূপের অংশ হিসেবে মণ্ডলে স্থান পান। 

সুতরাং তান্ত্রিক বৌদ্ধধর্মে শৃগালের মুখমণ্ডল বা শেয়ালের রূপটি কোনো অমঙ্গলের প্রতীক নয়; বরং এটি শ্মশানের বৈরাগ্য, মায়াজাল ছিন্ন করা এবং অবচেতন মনের ভয়কে জয় করার এক পরম তান্ত্রিক শক্তির প্রতীক। 

নিচে যথাক্রমে টেরাকোটায় খোদিত দেবী কোকামুখীর প্রতিকৃতি, দেবী শিবদূতীর অঙ্কিত চিত্র এবং দেবী বজ্রবারাহীর ছবি তুলে ধরা হলো।

Devi Kokamukhi, Devi Shibduti and Devi Bajrabarahi

এখানে এই কৈলাশপুরের দেবীমূর্তি ও শিবলিঙ্গ-ন্যায় পাথরটি স্থানীয় পুকুর খননের সময় উদ্ধার হয়। এর সঠিক উৎস এখনও আমাদের অজানা। এর সঠিক পরিচিতি জানতে সঠিক প্রত্নতাত্ত্বিক গবেষণার প্রয়োজন। 

তবে একটি বিষয় আমাদের কিছুটা হতাশ করেছে। সেদিন মন্দির চত্বরের একাংশে কিছু মানুষের মদ্যপানের আড্ডা চোখে পড়ল, যা এই পবিত্র ও শান্ত পরিবেশের সঙ্গে একেবারেই বেমানান। এমন দৃশ্য শুধু স্থানটির ধর্মীয় ও ঐতিহ্যগত মর্যাদাকেই ক্ষুণ্ণ করে না, পাশাপাশি মহিলা ও পরিবার-পরিজন নিয়ে আসা দর্শনার্থীদের জন্যও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

আজ গল্প এই পর্যন্তই। যারা আমার website-এ প্রথমবার গল্প পড়ছো, আমার এই গল্প টি ভালো লেগে থাকলে অবশ্যই আমার বাকি গল্প গুলো পড়তে ভুলো না। আমার গল্প ভালো লেগে থাকলে নীচে দেওয়া Share link থেকে বন্ধুদের share করো। খুব তাড়াতাড়ি ফিরছি আবার এক travel story নিয়ে। Keep visiting my website...


Share the Story

If you like my story share this post with your friends... 


মেমারীর অদূরে রহস্যময় শেয়ালমুখী দেবীমূর্তির সন্ধানে
Classic Sarathi 9 November 2026
About Me

Professionally I am a school teacher, but travelling is my passion. Frequently I go out alone with my scooter and explore beautiful places. 

This blog website is made with stories about my travelling.

Read the stories, watch the photos, feel the places and motivate yourself.

Archive
⚠️ Say No to Piracy

Any reproduction or illegal distribution of my digital contents in any form will result in immediate action against the person concerned. Don’t use any of my contents without my own permission.

If you want to use my contents feel free to contact me here: - office@classicsarathi.in.

Ancient temple complex in the Land of Chandidas - Nanoor
I have visited Nanoor in Birbhum in search of Bashuli temple and other ancient temples in the same complex, closely tied to the 14th-century lyrical poet Dwijo Chandidas.