November, 2026
Trip No.: - 71
ব্যস্ত নগর জীবন থেকে কিছুটা দূরে, হাওড়া জেলার বুকে রূপনারায়ণ নদের তীরে নিভৃতে দাঁড়িয়ে রয়েছে এক অপরূপ সুন্দর গ্রাম—দেউলটি। প্রকৃতির স্নিগ্ধতা, নদীর শান্ত সৌন্দর্য, সবুজে ঘেরা গ্রামীণ পরিবেশ আর বাংলার সাহিত্য-ইতিহাসের নিবিড় সংযোগে এই ছোট্ট জনপদটি যেন এক অনন্য মায়াবী ঠিকানা।
দেউলটির নাম উচ্চারণ করলেই যাঁর নামটি সর্বপ্রথম মনে আসে, তিনি হলেন বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই গ্রামেরই সামতাবেড় এলাকায় রয়েছে তাঁর স্মৃতিবিজড়িত বসতবাড়ি, যেখানে তিনি জীবনের দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন এবং সৃষ্টি করেছিলেন বাংলা সাহিত্যের বহু কালজয়ী রচনা। তাঁর স্মৃতি আজও এই গ্রামের প্রতিটি কোণে যেন নীরবে বেঁচে রয়েছে।

একদিকে রূপনারায়ণ নদের মনোরম তীর, অন্যদিকে শান্ত-স্নিগ্ধ গ্রামীণ পরিবেশ, আর তার সঙ্গে শরৎচন্দ্রের সাহিত্যিক স্মৃতির মেলবন্ধন—সব মিলিয়ে দেউলটি শুধুমাত্র একটি ভ্রমণস্থান নয়, বরং প্রকৃতি ও ইতিহাসের সঙ্গে কিছুটা সময় কাটানোর এক অসাধারণ সুযোগ।
তাহলে চলো, আজ এই গল্পের মাধ্যমে আবারও একবার ঘুরে আসা যাক রূপনারায়ণের তীরে অবস্থিত এই সুন্দর গ্রাম দেউলটি থেকে। আবিষ্কার করা যাক প্রকৃতির সৌন্দর্য আর শরৎচন্দ্রের স্মৃতিবিজড়িত এক টুকরো বাংলাকে।
গত ১৫ই নভেম্বর, আমি ও আমার ভ্রমণসঙ্গী দেবব্রত যখন বর্ধমান থেকে দেউলটিতে এসে পৌঁছালাম, ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা। দেউলটিতে পা রেখেই আমরা এগিয়ে চললাম সামতাবেড়ের উদ্দেশ্যে। আমাদের এই ভ্রমণের মূল আকর্ষণই ছিল সামতাবেড়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বসতবাড়ি। কিন্তু বাড়িটি দর্শনার্থীদের জন্য খোলা হয় সকাল ১০টায়। তাই হাতে পাওয়া প্রায় এক ঘণ্টা সময়কে কাজে লাগাতে আমরা চলে গেলাম কাছেই বয়ে চলা রূপনারায়ণ নদের তীরে।
নদীর পাড়ে বসেই সেরে নেওয়া গেল আমাদের সকালের জলখাবার। সঙ্গে করে নিয়ে যাওয়া চপ, মুড়ি, চানাচুর, শসা আর পেঁয়াজ দিয়ে জমে উঠল আমাদের ছোট্ট প্রাতরাশের আয়োজন। শহরের কোনো রেস্তোরাঁয় নয়, বরং নদীর শীতল হাওয়ায় আর প্রকৃতির সান্নিধ্যে বসে এমন ব্রেকফাস্টের আনন্দই যেন আলাদা। আর সেই আয়োজনের পরিপূর্ণতা এনেছিল সাথে করে নিয়ে যাওয়া গ্রিন টি।
খাওয়াদাওয়া শেষে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা একটি পুরনো বটগাছের নিচে গিয়ে বসলাম আমরা। সামনের দিকে তাকাতেই চোখে পড়ল রূপনারায়ণের বিস্তৃত জলরাশি। নদীর ওপারে দিগন্তরেখা বরাবর বাতাসের মৃদু ঝাপটায় কাশফুলের সাদা শীষগুলো দুলে উঠছিল। মনে হচ্ছিল, তারা যেন নীরবে আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। এদিকে নদীর পাড়ে দু-একটি ডিঙি নৌকা আপন মনে ভেসে রয়েছে। ছোট ছোট ঢেউ এসে আছড়ে পড়ছে পাড়ের ভেজা মাটিতে, আবার ফিরে যাচ্ছে নদীর বুকে।
চারপাশের এই শান্ত, স্নিগ্ধ পরিবেশে সময় যেন একটু থমকে দাঁড়িয়েছিল। শহরের চেনা কোলাহল থেকে বহু দূরে, রূপনারায়ণের এমন নির্জন তীরে বসে মনটা কখন যে হালকা হয়ে গেল, তা নিজেরাও বুঝতে পারলাম না। মনে হচ্ছিল, এই মুহূর্তটুকু আরও কিছুক্ষণ ধরে রাখতে পারলে বেশ হতো।
সকাল ১০টা নাগাদ আমরা প্রবেশ করলাম বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বসতবাড়ি ‘শরৎ কুঠি’তে। রূপনারায়ণ নদের তীরে শান্ত, স্নিগ্ধ ও নিরিবিলি গ্রামীণ পরিবেশের মাঝে দাঁড়িয়ে থাকা এই দোতলা বাড়িটি যেন আজও বহন করে চলেছে অতীত দিনের স্মৃতি। মাটির দেওয়াল, কাঠের কাঠামো এবং টালির ছাদে নির্মিত বাড়িটির স্থাপত্যে ফুটে উঠেছে গ্রামবাংলার চিরাচরিত গৃহনির্মাণশৈলীর এক অনন্য পরিচয়।
১৯১৯ সালে মাত্র ১,১০০ টাকার বিনিময়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সামতাবেড় গ্রামে এই জমিটি কেনেন। নিরিবিলি গ্রামীণ পরিবেশে নিজের মনের মতো একটি বাসস্থান গড়ে তোলার স্বপ্ন ছিল তাঁর। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে স্থানীয় কারিগর গোপাল দাসের তত্ত্বাবধানে ১৯২৩ সালে শুরু হয় বাড়ি নির্মাণের কাজ। ওই বছরের ফেব্রুয়ারি মাসেই তিনি এই বাড়িতে বসবাস শুরু করেন। বাড়ি নির্মাণে তৎকালীন সময়ে প্রায় ১৭,০০০ টাকা ব্যয় হয়েছিল।
শুধু বাড়ি নির্মাণ করেই থেমে থাকেননি কথাশিল্পী। বাড়ির চারপাশে গড়ে তোলেন সুন্দর বাগান, পুকুর এবং ধানের জমি। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে নিজের মতো করে সাজিয়ে তোলেন গোটা এলাকাটিকে। এই অঞ্চলটির নামকরণও করেন তিনি ‘সামতাবেড়’।

১৯২৬ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত জীবনের শেষ বারোটি বছর এই দোতলা বাড়িতেই কাটিয়েছিলেন শরৎচন্দ্র। বার্মিজ স্থাপত্যশৈলীর প্রভাবযুক্ত কাঠ ও মাটির তৈরি বাড়িটির গঠন বেশ আকর্ষণীয়। একসময় রূপনারায়ণ নদ এই বাড়ির আরও কাছ দিয়ে প্রবাহিত হতো। পরবর্তীকালে নদীর গতিপথ পরিবর্তন ও ভাঙনের ফলে নদীটি কিছুটা দূরে সরে যায়।

এই বাড়ির প্রতিটি কোণ যেন জড়িয়ে রয়েছে কথাশিল্পীর জীবন ও সাহিত্যসাধনার স্মৃতির সঙ্গে।সামতাবেড়ের শান্ত ও নিরিবিলি পরিবেশেই শরৎচন্দ্রের সাহিত্যজীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় অতিবাহিত হয়। এই সময়ে তিনি তাঁর শেষ উপন্যাস বিপ্রদাস-সহ অভাগীর স্বর্গ, পল্লীসমাজ, রামের সুমতি, মহেশ এবং শ্রীকান্ত উপন্যাসের চতুর্থ পর্বের মতো বহু উল্লেখযোগ্য সাহিত্যকর্ম রচনা করেন। তাঁর সাহিত্যজীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা এই বাড়িটি তাই কেবল একটি বসতবাড়ি নয়, বরং বাংলা সাহিত্যের ইতিহাসের এক মূল্যবান স্মারক।
বর্তমানে শরৎ কুঠিতে সংরক্ষিত রয়েছে কথাশিল্পীর ব্যবহৃত নানা ব্যক্তিগত সামগ্রী। তাঁর ব্যবহৃত টেবিল-চেয়ার, লেখার সরঞ্জাম, বিছানা, ছড়ি ও পাদুকার পাশাপাশি এখানে দেখা যায় তাঁর প্রকাশিত বই, পাণ্ডুলিপি, ব্যক্তিগত চিঠিপত্র এবং কালজয়ী সৃষ্টির সঙ্গে সম্পর্কিত নানা স্মারক। এমনকি গ্রামের দরিদ্র মানুষের চিকিৎসার জন্য তিনি যে হোমিওপ্যাথি চিকিৎসা সামগ্রী ব্যবহার করতেন, সেগুলিও যত্নসহকারে সংরক্ষিত রয়েছে। এই সমস্ত স্মৃতিচিহ্নের মধ্য দিয়ে যেন আজও অনুভব করা যায় তাঁর দৈনন্দিন জীবনযাপন ও মানবদরদি সত্তার পরিচয়।
তবে সময়ের সঙ্গে সঙ্গে বাড়িটির উপরেও নেমে এসেছে নানা প্রাকৃতিক বিপর্যয়। ১৯৭৮ সালের ভয়াবহ বন্যায় বাড়িটির রান্নাঘর-সহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীকালে হাওড়া জেলা পরিষদের উদ্যোগে সেগুলি সংস্কার করা হয়। এরপর ২০০১ সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন আইনের আওতায় বাড়িটিকে ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেওয়া হয়। ২০০৯ সালেও বাড়িটির সংস্কার করা হয়।
বর্তমানে শরৎ কুঠি পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে একটি ঐতিহ্যবাহী সংগ্রহশালা তথা পর্যটন কেন্দ্র হিসেবে সংরক্ষিত রয়েছে। কলকাতায় তাঁর প্রয়াণের পর শরৎ কুঠি সংলগ্ন প্রাঙ্গণেই শরৎচন্দ্র, তাঁর স্ত্রী এবং তাঁর ভাই স্বামী বেদানন্দের চিতাভস্ম সমাহিত করা হয়।

সময়ের স্রোতে অনেক কিছুই বদলে গিয়েছে। বদলে গিয়েছে রূপনারায়ণের গতিপথ, বদলে গিয়েছে চারপাশের পরিবেশ। কিন্তু শরৎ কুঠির আনাচে-কানাচে আজও যেন মিশে রয়েছে বাংলা সাহিত্যের এই অমর কথাশিল্পীর জীবন, স্মৃতি ও সৃষ্টির অনুরণন।
সকাল ১১টার কিছু পরে শরৎ কুঠি থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। সামতাবেড় থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পার্শ্ববর্তী মেল্লক গ্রামে অবস্থিত প্রাচীন মদনগোপাল জিউ মন্দিরই ছিল আমাদের পরবর্তী গন্তব্য।
মদনগোপাল জিউ মন্দির দেউলটির কাছে মেল্লক গ্রামে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহাসিক টেরাকোটা মন্দির, যা স্থানীয়ভাবে গোপালের মন্দির নামে পরিচিত। এটি হাওড়া জেলার অন্যতম প্রাচীন মন্দির এবং রাজ্য সরকার সংরক্ষিত ঐতিহাসিক নিদর্শনের অন্তর্ভুক্ত। একসময় রূপনারায়ণ নদ এই মন্দিরের অনেক কাছ দিয়ে প্রবাহিত হতো।
সপ্তদশ শতাব্দীতে (১৬৫১ খ্রিস্টাব্দে) মণ্ডলঘাট পরগনার জমিদার বংশের মুকুন্দপ্রসাদ রায়চৌধুরী এই মন্দিরটি নির্মাণ করেন। তিনি সেসময়ে এলাকার একজন বিখ্যাত মল্লবীর ছিলেন বলে জানা যায়। এখানে রাধা ও মদনগোপাল জিউ পূজিত হন। মন্দিরে দোলযাত্রা ও জন্মাষ্টমী বিশেষভাবে পালিত হয়।
এটি দক্ষিণমুখী আটচালা মন্দির, যার গায়ে সূক্ষ্ম টেরাকোটা বা পোড়ামাটির অলংকরণ ও পৌরাণিক দৃশ্য খোদাই করা রয়েছে।
মন্দিরের ঠিক সামনে একটি পাথরের গরুড় মূর্তি (বা গরুড় স্তম্ভ) রয়েছে। উঁচু ভিত্তিবেদীর মাঝখানে স্থাপিত বেলেপাথরের এই গরুড় মূর্তিটি মন্দিরের গর্ভগৃহের দিকে মুখ করে জোড়হস্তে উপবিষ্ট অবস্থায় আছে।
দুপুর ১২টার কিছু আগে মন্দিরের পুরোহিত এসে দরজা খুলে দিলেন। ভিতরে প্রবেশ করে দেখলাম, মন্দিরের একটি কক্ষে শায়িত অবস্থায় রয়েছেন রাধা ও মদনগোপাল জিউ। পুরোহিতের কাছ থেকে জানতে পারলাম, প্রতিদিন দুপুর ১২টার পর মন্দিরে বিগ্রহের নিত্যপূজা অনুষ্ঠিত হয়।
মদনগোপাল জিউ মন্দির দর্শন শেষে দেউলটি ও সামতাবেড়ের স্মৃতিমাখা পথকে পিছনে ফেলে আমরা ফিরতি পথ ধরলাম। শরৎচন্দ্রের স্মৃতিবিজড়িত শরৎ কুঠি, রূপনারায়ণের শান্ত পরিবেশ আর প্রাচীন মদনগোপাল জিউ মন্দিরের ঐতিহ্য—সব মিলিয়ে দিনটি আমাদের কাছে হয়ে রইল এক বিশেষ অভিজ্ঞতা। ইতিহাস, সাহিত্য ও বাংলার প্রাচীন স্থাপত্যের এমন নিবিড় সান্নিধ্য নিয়ে শেষ হলো আমাদের একদিনের এই ছোট্ট ভ্রমণ।
আজকের মতো ভ্রমণকাহিনির ইতি টানছি এখানেই। আমার website-এ যারা প্রথমবারের মতো এই গল্পটি পড়ছো, তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত ও ধন্যবাদ। আশা করি, দেউলটি ও সামতাবেড়ের এই ভ্রমণকাহিনি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এই website-এ প্রকাশিত আমার অন্যান্য ভ্রমণকাহিনিগুলিও পড়ে দেখতে ভুলো না।
আর আমার এই ছোট্ট প্রয়াস তোমাদের ভালো লাগলে নিচে দেওয়া share option-এর মাধ্যমে বন্ধু-বান্ধব ও পরিচিতদের সঙ্গে গল্পটি ভাগ করে নিতে পারো। তোমাদের ভালোবাসা, উৎসাহ ও সহযোগিতাই আমাকে নতুন নতুন জায়গা ঘুরে দেখার এবং ফিরে এসে সেই অভিজ্ঞতা তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুপ্রেরণা জোগায়।
খুব শীঘ্রই ফিরছি আরও একটি নতুন ভ্রমণকাহিনি নিয়ে, নতুন কোনো অচেনা গন্তব্যের গল্প শোনাতে।
ততদিন ভালো থাকো, সুস্থ থাকো।
Keep Travelling, Keep Exploring.
And keep Visiting My Website!



















